তিন শ ফিট সড়কে নজরদারির অভাবেই নৈরাজ্য

Passenger Voice    |    ১০:৪৮ এএম, ২০২৫-০৩-০১


তিন শ ফিট সড়কে নজরদারির অভাবেই নৈরাজ্য

নিয়মিত পুলিশ চেকপোস্ট ও নজরদারির অভাবেই রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক পর্যন্ত নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছে অনেকেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, আবার নজরদারি কমলে নৈরাজ্য বেড়ে যায়।

গত বছরের অক্টোবর-নভেম্বরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের কারণে মোটরসাইকেলের রেস খেলা, ফুট ওভারব্রিজ ব্যবহার না করা, যত্রতত্র রাস্তা পার হওয়া, উল্টোপথে গাড়ি চলা ও বেপরোয়া গতিতে গাড়ি চলাচল বেশ কিছুদিন বন্ধ ছিল। অভিযান বন্ধ হওয়ার পর আবারও সব শুরু হয়েছে।

এই সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, তাঁরা চেকপোস্ট বসান এবং নিয়মিত গাড়ি চলাচল নজরদারিতে রাখেন। তার পরও অনেকেই আইন মানছে না। তবে সামনে প্রয়োজনে আরো কঠোরভাবে এসব নিয়ন্ত্রণ করা হবে।

স্থানীয়রা বলছে, কোনো দুর্ঘটনা ঘটার পর তা আলোচনায় এলে কয়েক দিনের জন্য নড়েচড়ে বসে পুলিশ।

পরে সেই আগের অবস্থা। তাই নিরাপত্তার স্বার্থে এই সড়কের পাশে অবৈধ দখলদারি ও অনিয়ন্ত্রিত যান চলাচল বন্ধ করা সবচেয়ে জরুরি। রাস্তার পাশে অবৈধ হকার, পান-সিগারেটের দোকান ও ঝালমুড়ি বিক্রেতারা পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই অনিয়ম বন্ধ করা সম্ভব।

জানা যায়, ৩০০ ফিট সড়কে কুড়িল ফ্লাইওভার থেকে মস্তুল পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা দেখভাল করে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ, এর পরের অংশ রূপগঞ্জ থানা পুলিশের আওতায়।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, গত বছর পুলিশ অভিযান চালিয়ে ২০০ গাড়িকে অতিরিক্ত গতির জন্য সতর্ক করে দিয়েছিল। এর আগের বছর ২০২৩ সালের নভেম্বরেই ৩০০ ফিট সড়কে যৌথ বাহিনীর অভিযানে ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছিল। এ ছাড়া জরিমানা আদায় করা হয়েছিল দুই লাখ ৭০ হাজার টাকা।

স্থানীয়রা জানায়, পূর্বাচলকেন্দ্রিক গড়ে ওঠা নীলা মার্কেট ও বিভিন্ন সেক্টরে গভীর রাত অবধি দোকানপাট খোলা থাকার কারণে বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও ধনাঢ্য ব্যক্তির সন্তানরা এই সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালাতে আসে।বেশির ভাগ সময় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটছে। সড়কে আগে যে কটি চেকপোস্ট ছিল সেগুলোর সব এখন তেমন দেখা যায় না।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘সড়কটার একটা অংশ পড়েছে  ডিএমপিতে, আরেকটা অংশ রূপগঞ্জ থানার অধীনে। রূপগঞ্জের অংশে যাঁরা দায়িত্বরত আছেন, তাঁদের সঙ্গে আলাপ করে এসব অনিয়মের বিরুদ্ধে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলব। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ট্রাফিক আইন মানার বিষয়ে সব নাগরিক সমাজেরও সচেতন থাকা জরুরি বলে মনে করি।’

অন্যদিকে ডিএমপির অংশ নিয়ে গুলশান ট্রাফিক বিভাগের উপকমিশনার মফিজুল ইসলাম বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রম চলছে। তার পরও কিছু মানুষ আইন মানতে চাচ্ছে না, তাদের বোঝাচ্ছি, প্রয়োজনে মামলা দিচ্ছি। সামনে আরো অন্য কোনো কার্যকর প্রদক্ষেপ নেওয়া যায় কি না সে ব্যাপারে দেখছি।’

আইইউবির শিক্ষার্থী মৃত্যুতে সহপাঠীদের প্রতিবাদ : গত মঙ্গলবার কুড়িল বিশ্বরোডসংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‌্যাম্পের সামনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা রিয়াদের মৃত্যুতে তাঁর সহপাঠীরা বিক্ষোভ করেন।

নিহত ফাহমিদা আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসসংলগ্ন এলাকায় প্রতিবাদ মিছিল করেন তাঁর সহপাঠীরা। এ সময় তাঁরা অনিরাপদ সড়ক পরিবহনব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন। খবর কালের কণ্ঠ