সড়ক দূর্ঘটনায় আহত জুঁইকে আর্থিক সহায়তা দিলো বিআরটিএ

Passenger Voice    |    ১১:৪৬ এএম, ২০২৫-০২-২৬


সড়ক দূর্ঘটনায় আহত জুঁইকে আর্থিক সহায়তা দিলো বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জাকিয়া সুলতানা জুঁইকে (১৪) তিন লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। সোমবার (২৪ ফেব্রুয়ারি) পরিবারের কাছে চেক হস্তান্তর করেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন।

উল্লেখ্য, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড সংলগ্ন মহিলা মাদ্রাসা রোডে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ১৪ বছর বয়সী শিশু জাকিয়া সুলতানা জুঁই গুরুতরভাবে আহত হয়। একই দূর্ঘটনায় ঘটনাস্থলে জুঁইয়ের বাবা এবং মা উভয় সড়কেই মারা যান।

দুর্ঘটনার পর আহত জুঁইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শয্যা সংকটের কারণে তাকে বি এন কে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। এক্স-রে রিপোর্ট অনুসারে, শিশুটির কাঁধে (ক্লাভিকল) ফ্র্যাকচার হয়েছে এবং সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী তার মাথার ডান দিকের পার্শ্বস্থ হাড়ে লিনার ফ্র্যাকচার ধরা পড়ে।

আরও পড়ুন: কক্সবাজার বিআরটিএতে পেশাদার গাড়ি চালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিষয়টি বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের দৃষ্টিগোচর হলে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৫৯ মোতাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নিজ উদ্যোগে তাৎক্ষণিক চিকিৎসা ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য আর্থিক সহায়তার নির্দেশনা দেন। প্রাথমিক তদন্ত শেষে আইন ও বিধি অনুসারে আহত জুঁইয়ের বড় বোন জান্নাতুল ফেরদৌস জ্যোতির অনুকূলে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) জান্নাতুল ফেরদৌস জ্যোতিকে তার বোনের অনুকূলে তিন লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, পরিচালক (এনফোর্সমেন্ট) নাজনীন হোসেন, পরিচালক (অপারেশন) মীর আহমেদ তারিকুল ওমর, পরিচালক(রোড সেফটি) শীতাংশু শেখর বিশ্বাস, উপপরিচালক (আইন) তানভীর আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।