শিরোনাম
Passenger Voice | ০৭:০৬ পিএম, ২০২৫-০২-২৪
নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা রোধ করতে কক্সবাজারের পেশাদার গাড়ি চালকদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কক্সবাজার জেলা সার্কেল।
আজ ২৪ ফেব্রুয়ারী সোমবার কক্সবাজার বিআরটিএ’তে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় পেশাদার চালকদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ কক্সবাজার জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) উথোয়াইনু চৌধুরী, কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান,জেলা সিভিল সার্জন আহমদ ফয়সাল, মেডিকেল অফিসার ডাঃ শাহ ফাহিম, মোটরযান পরিদর্শক মামুনুর রশীদ, সহকারী মোটরযান পরিদর্শক মো: ইউছুফসহ অনেকে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সাথে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরন করা হয়।
পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের তিনশত টাকা করে সম্মানী এবং দুপুরের খাবার বিতরণ করা হয়। আজকের প্রশিক্ষণে সর্বমোট ৯৯ জন পেশাদার গাড়িচালক প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদানকালে বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) উথোয়াইনু চৌধুরী জানান, সড়কে লাশের মিছিল থামাতে দক্ষ চালকের বিকল্প নেই। চালকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও মানবিক চালক হিসাবে গড়ে তুলতে বিআরটিএ’র পক্ষ থেকে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমান সরকার উন্নত সড়ক ব্যবস্থা, ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি, ভিআইসির মাধ্যমে মোটরযানের ডিজিটাল ফিটনেস প্রদানসহ বিভিন্ন সেবার প্রতি গুরুত্বারোপ করেছেন। কক্সবাজার বিআরটিএ অফিসে কোনো ধরনের দালাল দ্বারা কোনো কাজ সম্পন্ন করা হয় না। গ্রাহক সেবা প্রদানে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ থাকলে সরাসরি এই শীর্ষ কর্মকর্তার কাছে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত