শিরোনাম
Passenger Voice | ০৪:১৯ পিএম, ২০২৫-০২-২৪
বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক সিটি রেলস্টেশন এলাকায় করা রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকার প্রায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার হাই-টেক রেলস্টেশনের সামনের রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে বিকেল ৩টা ৯ মিনিটের দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
শিক্ষার্থীরা জানান, গত ১২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। বিশেষায়িত একটি প্রতিষ্ঠানের নাম একটি জেলার নামে হতে পারে না। তাই তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখার দাবি জানান। সম্প্রতি তারা একই দাবিতে মানববন্ধন ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিলেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি।
এদিকে দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দাবির বিষয়ে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবিগুলো পুনরায় সেনাবাহিনীর সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিকভাবে জানান। এ সময় শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে দাবিসহ আজকের মধ্যে দাবি পূরণ কথা জানান। একপর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আক্তার মোবাইল ফোনে শিক্ষার্থীদের উদ্দেশ্য কথা বলেন এবং দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর বিকেল ৩টা ৯ মিনিটের দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে যিনি (অতিরিক্ত সচিব) বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন যে তিন সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করা হবে। এর পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি যদি আগামী ১৮ মার্চের মধ্যে পুরোপুরিভাবে নাম বাস্তবায়ন করে অধ্যাদেশ জারি করা না করে তাহলে আমরা ১৯ তারিখ থেকে আবারও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা চাই এ বিষয়টি দ্রুত সমাধান করে বাস্তবায়ন করা হোক।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমরা ঊর্ধ্বতন স্যারদের জানিয়েছি। তারা জানিয়েছেন আগামী তিন সপ্তাহের মধ্যে আশা করি নাম পরিবর্তনের সিদ্ধান্ত হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পরই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে রেলপথ ছেড়ে দিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত