সড়ক দুর্ঘটনা রোধে ৩৩৪ চালককে প্রশিক্ষণ দিলো চট্টগ্রাম বিআরটিএ

Passenger Voice    |    ০১:৫৫ পিএম, ২০২৫-০২-২৪


সড়ক দুর্ঘটনা রোধে ৩৩৪ চালককে প্রশিক্ষণ দিলো চট্টগ্রাম বিআরটিএ

কামরুল হাসান: সড়ক-দুর্ঘটনায় প্রতিদিন মানুষ নিমিষে মারা যাচ্ছে, কেউ আহত হচ্ছে, কেউ বা পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। তাই দক্ষ ড্রাইভার তৈরি এবং সচেতনতার উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনা রোধ করতে চট্টগ্রামে পেশাদার গাড়ি চালকদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ আয়োজন করছে বিআরটিএ।  

প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে রোববার (২৩ ফেব্রুয়ারী) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রামের বায়েজিদ বিআরটিসি ট্রাক ডিপোতে পেশাদার গাড়ি চালকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। চট্টগ্রাম বিআরটিএ-তে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় পেশাদার চালকদের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পেশাদার চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে বাধ্যতামূলকভাবে প্রতি সপ্তাহে এ রিফ্রেশার্স প্রশিক্ষণ দেওয়া হয়। 

এসময় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ রইছ উদ্দিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ জসিম উদ্দিন, বায়েজিদের বিআরটিসি ট্রাক ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান, চট্টমেট্রো সার্কেল-২ এর মোটরযান পরিদর্শক মেহেদী হাসান, বিআরটি-এ চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক ইকবাল আহমেদ এবং সহকারী মোটরযান পরিদর্শক আবু নাঈমসহ প্রমূখ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সাথে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরণ করা হয়।

এ বিষয়ে প্রশিক্ষণ শেষে বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম জানান, পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে থাকে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের তিনশত টাকা সম্মানী এবং দুপুরের খাবার বিতরণ করা হয়। রোববারের প্রশিক্ষণে সর্বমোট ৩৩৪ জন পেশাদার গাড়িচালক প্রশিক্ষণ গ্রহণ করেন।