শিরোনাম
Passenger Voice | ০১:৩৬ পিএম, ২০২৫-০২-২৪
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়। এতে একজন নিহত হওয়ার তথ্যও পাওয়া গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।
এবিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতের নাম শিহাব। তিনি পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে, পেশায় ব্যবসায়ী।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কুতুবদিয়া পাড়া বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছিল। এ নিয়ে এলাকাবাসী কয়েক দফায় বিক্ষোভ ও মানববন্ধনও করেছেন। কিন্তু তাতেও কাজ হয়নি। আজ ওই একই ঘটনায় সংঘর্ষ ঘটনা ঘটলো।।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত