শিরোনাম
Passenger Voice | ০৩:০২ পিএম, ২০২৫-০২-১৯
কামরুল হাসান: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও জোরারগঞ্জ অংশে থ্রি-হুইলারের চলাচল বেড়েই চলেছে। দেশের ‘লাইফ লাইন’ হিসেবে পরিচিত ব্যস্ততম এ মহাসড়কে দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে দিন-রাত সমানতালে চলছে ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও অবৈধ যান নসিমন। নিয়মনীতির তোয়াক্কা না করে এসব পরিবহন অনেক সময় উল্টো পথেও ছুটে চলছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা; যাচ্ছে প্রাণ অথবা পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেককে। পুলিশের অভিযানের কারণে কিছুদিন বন্ধ থাকলেও আবারও বেড়েছে এসব গাড়ির দৌরাত্ম।
মহাসড়কের মিরসরাই উপজেলার বড়দারোগা হাট থেকে বারৈয়ারহাট পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারজুড়ে এসব থ্রি-হুইলার বিপজ্জনকভাবে ছুটে চলছে। পুলিশি অভিযানেও বন্ধ হচ্ছে না নিষিদ্ধ এসব পরিবহনের বিপজ্জনক ছুটে চলা। কখনো কখনো অভিযানে নামা পুলিশের ওপর থ্রি-হুইলার চালকদের চড়াও হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এসব কিছুর পরও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।
আরও পড়ুন: বাংলাদেশের অর্থনীতিতে উবারের অবদান ৫,৫০০ কোটি টাকা
জানা গেছে, মহাসড়কে চলাচলরত থ্রি-হুইলারকে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ চিহ্নিত করে আইন প্রণয়নের মধ্য দিয়ে ২০১৬ সালের আগস্ট মাস থেকে স্থায়ীভাবে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ করা হয়। ওই নিষেধাজ্ঞায় প্রশাসনের কঠোর নজরদারিতে প্রায় আট বছর মহাসড়কে থ্রি-হুইলার চলাচল অনেকটাই বন্ধ ছিল। মহাসড়কে নিষিদ্ধ ওই সব যানবাহন আটক, জব্দ ও জরিমানা করা হাইওয়ে পুলিশের নিত্যকর্মের অংশে পরিণত হয়। পুলিশের ভয়ে রিকশাচালকরাও মহাসড়কে কম উঠত।
কিন্তু জুলাই-আগস্ট পরবর্তী সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিছুটা স্থবির হয়ে পড়ায় নিষিদ্ধ এসব যানবাহনের ফের বেপরোয়া চলাচল শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের চোখের সামনেই অবাধে চলছে এসব থ্রি-হুইলার। একদিকে মহাসড়কে দ্রুতগামী যানবাহনের চাপ; অন্যদিকে শীতের ঘন কুয়াশায় মহাসড়কের মিরসরাই অংশে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে এসব অবৈধ যানবাহন।
এদিকে গত (০৭ ফেব্রুয়ারী ) সকালে মিরসরাই ইউটার্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সা ও মোটর সাইকেলের ও প্রাইভেট কারের ত্রিমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিক্সা ছাড়াও বাড়ছে ঝুঁকিপূর্ণ যন্ত্রচালিত নসিমন-করিমনের চলাচল।
আরও পড়ুন: পুলিশের গাড়িতে বসেও কুপিয়ে মারার হুমকি
সচেতন মহল বলছে, হাইওয়ে পুলিশকে ম্যানেজ না করলে এসব গাড়ি মহাসড়কে চলাচল করে কিভাবে। এবং কিছু দালাল চক্রের টোকেনের সহযোগিতায় মহাসড়কে চলছে এসব সিএনজি ও অটোরিকশা।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের অভিযান হচ্ছে। কিন্তু কোনোভাবেই থ্রি-হুইলার চলাচল বন্ধ করা যাচ্ছে না। এখন অভিযানে মামলা দিতে গেলে বা থ্রি-হুইলার আটক করতে গেলেও পুলিশের সঙ্গে চালকরা উগ্রতা দেখায়। রিকশা বা থ্রি-হুইলার চালকরা আইন অমান্য করছে, কিন্তু আমরা অভিযান পরিচালনা করলে পুলিশ নাকি বাড়াবাড়ি করছে- এমন কথাও শুনতে হচ্ছে। তারপরও আমাদের অভিযান অব্যাহত আছে। গত মাসেও আমরা ১৬৯ টি মামলা দিয়েছি। টোকেন বাণিজ্যের ব্যাপারে পুলিশ জড়িত নয় বলেও জানান তিনি।।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত