শিরোনাম
Passenger Voice | ০৩:০৭ পিএম, ২০২৫-০২-১৮
চাকরি বিধিমালার (সার্ভিস রুলস) দাবি জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে কর্তৃপক্ষকে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন তারা। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন তারা। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধিমালা প্রণয়ন না হলে মেট্রোরেল সেবা বন্ধ করার হুঁশিয়ারিও দেন তারা।
বিবৃতিতে বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত প্রেস রিলিজ অনুযায়ী, ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নের জন্য জোরালো দাবি জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার ওপর বিশদ আলোচনা করেন এবং খসড়া চাকরি বিধিমালার সংশোধন সাপেক্ষে দ্রুত বোর্ড মিটিং আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধিমালা প্রণয়ন করবেন বলে আশ্বাস দেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় স্মারক নং-২৮.০০.০০০০.০০০.৬০.০০১.২৪.১২২, তারিখ-১২ সেপ্টেম্বর ২০২৪ এর (খ) অনুসারে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনা মোতাবেক ডিএমটিসিএল কর্তৃক ৬০তম বোর্ড সভার সিদ্ধান্ত ৭.৬, ৮.৩ ও ৯.৩ অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রেরণ করার নির্দেশনা দেন। কিন্তু প্রায় ৫ মাস অতিবাহিত হলেও কোনো এক রহস্যজনক কারণে আজ অবধি প্রণয়ন করা হয়নি। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএলের ২০০ জনেরও বেশি দেশি-বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। ফলে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এমতাবস্থায়, তিন কর্মদিবস অর্থাৎ ১৮, ১৯ এবং ২০ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে, আগামী ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে এবং ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায়ী থাকবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমকে বলেন, সার্ভিস রুল চালুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এটা চূড়ান্ত হওয়ার পথে আছে। একটা কমিটি করা হয়েছে, তারা দেখার পর সেটি বোর্ডে যাবে।
তিনি আরও বলেন, সার্ভিস রুলটা হওয়ার দরকার ছিল, কিন্তু এতদিনেও হয়নি এটা ব্যর্থতা। আগামী তিনদিনের মধ্যে হয়তো হবে না। আমরা তাদের সঙ্গে কথা বলছি। বিষয়টি নিয়ে কাজ চলছে। দ্রুতই সমাধান হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত