চট্টগ্রাম বন্দরে ভারত থেকে এল ১১ হাজার টন চাল

Passenger Voice    |    ০২:৩৫ পিএম, ২০২৫-০২-১৪


চট্টগ্রাম বন্দরে ভারত থেকে এল ১১ হাজার টন চাল

ভারত থেকে আমদানি করা ১১ হাজার টন সেদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে একটি জাহাজ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উন্মুক্ত দরপত্রের প্যাকেজ-৫ এর মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি হবে। এরমধ্যে প্রথম ধাপে বৃহস্পতিবার দুপুরে একটি জাহাজে করে ১১ হাজার টন চাল এসেছে। জাহাজটি বর্তমানে বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাহাজটি বন্দরের জেটিতে ভিড়িয়ে খালাস কার্যক্রম শুরু হবে।

জানা গেছে, ‘এইচটি ইউনিট’ নামক পানামা পতাকাবাহী জাহাজট বৃহস্পতিবার দুপুরে বন্দরের বহির্নোঙরে পৌঁছে। জাহাজটি ভারতের ওড়িশা রাজ্যের ধামরা বন্দর থেকে লোড করে চাল নিয়ে আসে।

এর আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর গত ২৫ ডিসেম্বর ভারত থেকে ‘এমভি তানাইস ড্রিম’ নামক জাহাজে আসা প্রথম চালানে ২৪ হাজার ৬৯০ টন চাল ছিল। গত ২৭ জানুয়ারি দ্বিতীয় ‘এমভি এসডিআর ইউনিভার্স’ নামক জাহাজে করে দ্বিতীয় চালানে আসে ২৭ হাজার টন সেদ্ধ চাল। সবশেষ গত ২৮ জানুয়ারি আরেকটি জাহাজে আসে ১৪ হাজার টন চাল।