শিরোনাম
Passenger Voice | ০৭:৪৪ পিএম, ২০২৫-০২-১৩
চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় অবস্থিত গণমাধ্যম প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রতিদিনের অফিসে হামলাচেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ। একই ঘটনায় বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারাও।
বুধবার (১২ ফেব্রুয়ারি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন দুই সংগঠনের নেতারা।
বিবৃতিতে নেতারা বলেন, চট্টগ্রাম প্রতিদিন অফিসে হামলা চেষ্টার ঘটনা শুধু ন্যাক্কারজনকই নয়, এটা স্বাধীন সাংবাদিকতার ওপর হামলা। এ ধরনের হামলার চেষ্টা সাংবাদিকতার মর্যাদাকেও ক্ষুণ্ন করে।
এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে এই ঘটনায় প্রতিকার চেয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে চট্টগ্রাম প্রতিদিন অফিস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার বলেন, ‘হামলার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছি। এ ধরনের হামলা গণমাধ্যমের জন্য হুমকির। এ ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত