শিরোনাম
Passenger Voice | ০২:১৯ পিএম, ২০২৫-০২-১১
নোয়াখালী সদর উপজেলায় ট্রাকের চাপায় দুই শিশু নিহত হয়েছে। তারা মামাতো ফুফাতো ভাইবোন। এ ঘটনায় নিহত এক শিশুর বাবাকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামিয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো– একই ইউনিয়নের নেইজ্জার ভাংটি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম (৬) এবং ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে আরাফাত (৫)। তারা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে আবুল কালাম শ্বশুরবাড়িতে যান। সেখান থেকে সাইকেলে ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ওসি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত