শিরোনাম
Passenger Voice | ০১:৪৭ পিএম, ২০২৫-০২-০৭
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর ১৯৯১ সালে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু চালু হয়। স্থানীয় মানুষের কাছে শম্ভুগঞ্জ সেতু নামে পরিচিত এই সেতু নির্মাণের ৩৩ বছর পার হয়েছে। ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এরই মধ্যে নির্মাণ ব্যয়ের টাকা তুলে ফেলেছে। এরপরও তিন বছর পরপর সেতুটি ইজারা দেওয়া হচ্ছিল। স্থানীয় নাগরিকেরা টোল আদায় বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।
সেতুটি দিয়ে প্রতিদিন শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের মানুষ চলাচল করে। সেতুটির টোল হিসেবে প্রতিবার পারাপারের সময় বিভিন্ন ধরনের ট্রাক, বাস, প্রাইভেট কারসহ নানা প্রকারের যানবাহন থেকে আদায় করা হয় ২০ থেকে ২৫০ টাকা।
এ ছাড়া সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ১০ টাকা করে টোল আদায় করা হয়। শম্ভুগঞ্জ সেতুটির টোল আদায় শুরু হয় ১৯৯২ সালের দিকে। সর্বশেষ সেতুটি তিন বছরের জন্য প্রায় ৫৬ কোটি টাকা ইজারা দেওয়া হয়েছিল।
বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সদস্যসচিব মো. আলী হোসেন বলেন, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল টোল বক্সের চাঁদাবাজি থেকে মুক্তি পাওয়া। ফ্যাসিবাদী টোল বক্সটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন বলেন, ‘সেতুর টোল আদায়ের মাধ্যমে সরকার রাজস্ব পেত। ৫ আগস্টের পর টোল আদায় বন্ধ থাকলেও আজ ভোরে টোল বক্সটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এমন খবর পাই। জনগণের চলাচলে যেন সমস্যা না হয় সে জন্য ভাঙা অংশ ভোর থেকে সরানো শুরু করেছি আমরা।’
আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে টোল বক্স এলাকায় গিয়ে দেখা যায়, একটি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে ভাঙা অংশ গাড়ি দিয়ে সরিয়ে নিচ্ছে সড়ক বিভাগ। অন্যদিকে সকাল আটটার পাটগুদাম ব্রিজ মোড়ের জয় বাংলা চত্বর আশপাশের মানুষকে ইট-রড খুলে নিতে দেখা যায়।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় পাটগুদাম ব্রিজ মোড়ের জয় বাংলা চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এক্সকাভেটর দিয়ে ভাঙা হয়। এ ছাড়া জেলার ঈশ্বরগঞ্জে পৌর বাজারের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভেতরে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বিজয়-৭১ স্তম্ভ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের ময়মনসিংহ মহানগরে সদস্যসচিব আল নূর মো. আয়াস বলেন, ‘বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী স্থাপনা থাকতে পারে না। আমাদের কার্যক্রম চলমান থাকবে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত