ট্রাফিক সার্জেন্টদের "স্মল আর্মস" দেওয়া হবে

Passenger Voice    |    ১১:১৩ এএম, ২০২৫-০২-০৭


ট্রাফিক সার্জেন্টদের

ঢাকায় ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস (হালকা বা ছোট অস্ত্র) দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার উত্তরায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত ‘ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

উত্তরার হাউস বিল্ডিং থেকে আবদুল্লাহপুর পর্যন্ত ছিনতাই প্রতিরোধের ব্যবস্থা কী এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ‌‘এই এলাকায় ছিনতাই হয়। এর আগেও আমি ব্যবস্থা নিয়েছি। এক মাস আগেও রাজধানীতে ছিনতাইয়ের প্রকোপ বেড়েছিলো। ব্যাপক ধরপাকড়ের কারণে ১৫ দিন ধরে ছিনতাই খুব কমে গেছে। কারণ তাদের (ছিনতাইকারীদের) জেলে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, আমাদের জনবল কম। ট্রাফিকের লোক আরও অসহায়। একজন ডিউটি করেন। তারা নাজুক অবস্থায়। সার্জেন্টদের স্মল আর্মস দিয়ে দিচ্ছি তিনি যেন এক, দুই বা তিন জন ছিনতাইকারী মোকাবিলা করতে পারেন।’

বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা ও ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে সাজ্জাত আলী বলেন, ‘আমরা চেষ্টা করেছি। রাত দুইটা-আড়াইটা পর্যন্ত আমি মনিটরিং করেছি।’