শিরোনাম
Passenger Voice | ০৫:২২ পিএম, ২০২৫-০২-০১
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে শিক্ষার্থীদের আল্টিমেটামের সময় শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শেষ হয়েছে। তবে এই সময়ের মধ্যে দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে রোববার (২ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে লাগাতার এই কর্মসূচি চলবে। সড়ক ও রেলপথ এর আওতায় থাকবে। তবে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষ্যে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ব্যারিকেড কার্যক্রম শিথিল থাকবে।
এদিকে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে।
অপরদিকে শিক্ষার্থীরা বলছেন, যেকোনো মূল্যে ৭ দফা কর্মসূচি মেনে নেওয়া হয়েছে এমন ঘোষণা আসতে হবে। যতক্ষণ এই ঘোষণা না আসবে ততক্ষণ আন্দোলন চলবে।
তাদের দাবিগুলো হচ্ছে —
১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।
৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে।
৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুইটি বিষয় ‘আইন’ এবং ‘জার্নালিজম’ বিষয় সংযোজন করতে হবে।
৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।
৬. শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে।
৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।
এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সংগঠন ‘তিতুমীর ঐক্য’ এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেওয়ার কথা জানান। সংশ্লিষ্টরা বলেন, শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার মধ্যে সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা দিতে হবে। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ (উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা) নামে অবরোধ কর্মসূচি পালন করা হবে। তবে এই সময়ের মধ্যেও শিক্ষার্থীদের অনশন চলমান থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত