শিরোনাম
Passenger Voice | ১২:২২ পিএম, ২০২৫-০২-০১
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে আর্থিক অনিয়মের জন্য ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুপারিশ করেছে বৈষম্যহীন টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্কফোর্স।
সুপারিশে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে একাধিক বাণিজ্যিক ব্যাংকের মালিকানা নেওয়ার অনুমতি দেওয়া উচিত নয়। রাজনৈতিক কারণে নতুন ব্যাংক লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে। দুর্বলভাবে পরিচালিত ব্যাংকগুলোর জন্য একটি এক্সিট পলিসি প্রণয়ন করা প্রয়োজন। প্রভাব দূর করতে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া প্রয়োজন। এভাবে শিল্প, বিনিয়োগ, অর্থনৈতিক কূটনীতি স্থাপন, চাঁদাবাজি বন্ধ, কাগজবিহীন অফিস চালুসহ ৩১টি সুপারিশ করেছে টাস্কফোর্স।
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন।
ছাত্র-জনতার অভুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশের অর্থনীতির হালচাল জানতে অন্তর্বর্তী সরকার গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি, লুণ্ঠন এবং ভয়ংকর রকমের আর্থিক কারচুপির চিত্র উঠে আসে।
এ ছাড়া বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল আলোচিত। শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত প্রেক্ষাপটে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা করা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রতিশ্রুতির অংশ হিসেবে টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গত ১০ সেপ্টেম্বর এই টাস্কফোর্স গঠন করে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কে এ এস মুর্শিদকে ১২ সদস্যের এই টাস্কফোর্সের সভাপতি করা হয়। সদস্যসচিব হন পরিকল্পনা কমিশনের সদস্য (সাধারণ অর্থনৈতিক বিভাগ) মো. কাউসার আহাম্মদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত