সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে

Passenger Voice    |    ০৫:১৭ পিএম, ২০২৫-০১-৩০


সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আল আমিন নামে এক ইজিবাইক চালককে হত্যার পর লাশ গুমের মামলার প্রধান আসামি সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আকতার জুলিয়েট। 

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এক ঘণ্টার শুনানিতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকালে পুলিশি নিরাপত্তায় সুজনকে নিয়ে এলে আদালত চত্বরে লোকজন ‘ভুয়া ভুয়া’, ‘ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকে। 

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট থেকে নিখোঁজ হয় আল আমিন নামে ওই ইজিবাইক চালক। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে জেলা ও দায়রা জজ আদালতের পিপি আদম সুফি, জিপি আব্দুল বারী, এপিপি মোস্তাফিজুর রহমান মিলন, এপিপি মোস্তাফিজুর রহমান আইনজীবী হাবীব আল আমিন ফেরদৌসসহ অন্তত ১০ জন অংশগ্রহণ করেন। আসামি পক্ষেও মির্জা সারোয়ার হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি আমিনুর রহমান, আজিজার রহমান আজু, আবু বক্কর সিদ্দিক, আলী আসমান বিপুলসহ ১০ থেকে ১২ জন আইনজীবী অংশ নেন। 

আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, ‘সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের রিমান্ড আবেদনের শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, সুজন সাহেব মোবাইল ফোনে গুম ও পরে হত্যার নির্দেশ দিয়েছেন। আমরা শুনানিতে বলেছি বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সেই রেকর্ড বের করা সম্ভব। মামলার বাদী আমাদের একটি এফিডেভিট দিয়েছেন। যাতে তিনি বলেছেন, আসামি সুজনকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তার সাথে কোনো শত্রুতা নেই। আমরা তার রিমান্ড নামঞ্জুর করে জামিনের আবেদন করেছি। কিন্তু আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের পিপি আদম সুফি বলেন, ‘যেহেতু ভিকটিমকে বা তার লাশ পাওয়া যায়নি। তাই রহস্য উদঘাটনের জন্য আসামির রিমান্ড প্রয়োজন ছিল। এটি আদালত অনুধাবন করেছেন। বিধায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর আসামি পক্ষ যে এফিডেভিট দেখিয়েছে, আদালতে তাতে কোনো সাক্ষীর স্বাক্ষর নেই। এটি সাজানো। এছাড়া এই মামলা কোনোভাবে আপসযোগ্য নয়।’ 

এর আগে, মঙ্গলবার রাতে ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক রেলমন্ত্রী সুজনকে পঞ্চগড় জেলা কারাগারে নেওয়া হয়।