শিরোনাম
Passenger Voice | ০৬:০৫ পিএম, ২০২৫-০১-২৭
সিলেটের ভোলাগঞ্জে রেলওয়ে বাংকার এলাকায় দুষ্কৃতিকারীর পাথর উত্তোলনের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে পাথর চুরির ঘটনায় জড়িতদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) আরএনবি কমান্ডার (সদর) রোকনুজ্জামান খান স্বাক্ষরিত আদেশে অভিযুক্ত আরএনবি সদস্যদের বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া সদস্যরা হলেন- এসআই মো. মঞ্জুরুল ইসলাম, এএসআই শাহাদাত হোসেন, হাবিলদার মো. কাজী শাহাদাত হোসাইন এবং সিপাহী মো. আব্দুল হাই। তারা সবাই ভোলাগঞ্জ পাথর কোয়ারী বাংকার এলাকায় কর্মরত ছিলেন। সাময়িক বরখাস্তকালীন তারা প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতাসহ সব সুযোগ সুবিধা ভোগ করবেন এবং প্রতিদিন অফিস চলাকালীন ঢাকা কমান্ড্যান্টের দপ্তরে হাজির থাকবেন।
ঘটনাটি সরেজমিন তদন্তের জন্য আরএনবির ঢাকা বিভাগের সহকারী কমান্ড্যান্টকে আহ্বায়ক করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন রেলওয়ের সিলেটের সিনিয়র সহাকারী নির্বাহী প্রকৌশলী। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপকের কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি সিলেটের কোম্পানিগঞ্জ থানার ভোলাগঞ্জ বাংকার এলাকায় পাথর চুরির একটি ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তারা দায়িত্বরত আরএনবি সদস্যদের দায়িত্বে অবহেলা লক্ষ্য করেন এবং আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত