বিশ্বের শীর্ষ ৫০ গাড়ি নির্মাতার ১৭টিই চীনের

Passenger Voice    |    ০১:৩৪ পিএম, ২০২৫-০১-২৩


বিশ্বের শীর্ষ ৫০ গাড়ি নির্মাতার ১৭টিই চীনের

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) উত্থানে বিশ্বব্যাপী অটোমোবাইল শিল্প বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ শিল্পে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। শীর্ষ ৫০টি গাড়ি নির্মাতার তালিকায় ১৭টি ব্র্যান্ডই চীনের। অবশ্য তালিকার শীর্ষ অবস্থানে আছে বিলিয়নেয়ার ইলোন মাস্কের মালিকানাধীন মার্কিন প্রতিষ্ঠান টেসলা। কোম্পানিমার্কেটক্যাপ ডটকমের তথ্য থেকে আনাদোলু এজেন্সি এ তালিকা প্রস্তুত করেছে।

তালিকায় চীনের কোম্পানিগুলোর সঙ্গে জাপানের আটটি, যুক্তরাষ্ট্রের ছয়টি, জার্মানির চারটি ও ভারতের তিনটি ব্র্যান্ড জায়গা করে নিয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া, সুইডেন, তুরস্ক ও তাইওয়ান থেকে দুটি করে কোম্পানি শীর্ষ ৫০-এ স্থান পেয়েছে। অন্যদিকে তালিকায় ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও ভিয়েতনাম থেকে আছে একটি করে কোম্পানির নাম।

ইভি নির্মাতা টেসলা বর্তমানে ১ দশমিক ৩৭ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য নিয়ে বিশ্বের শীর্ষ ৫০ অটোমোবাইল নির্মাতার তালিকায় প্রথম স্থানে রয়েছে। টেসলার পরেই স্থান হয়েছে জাপানি গাড়ি নির্মাতা টয়োটার, যার বাজারমূল্য ২৪ হাজার কোটি ডলার। এর পরেই রয়েছে চীনা প্রতিষ্ঠান শাওমি ও বিওয়াইডি, যাদের বাজারমূল্য যথাক্রমে ১১ হাজার ১৯০ কোটি ডলার ও ১১ হাজার ১০ কোটি ডলার। অবশ্য শাওমির বেশির ভাগ আয় আসে বিভিন্ন প্রযুক্তিপণ্য থেকে। তবে প্রতিষ্ঠানটি ২০২১ সালে ইভি উৎপাদন শুরু করার ঘোষণা দেয় এবং গত বছর তাদের ব্যাটারিচালিত স্পোর্টস কার এসইউভি৭ বাজারে আনে।

ইউরোপীয় কোম্পানিগুলোর মধ্যে ফেরারি, পোরশে ও মার্সিডিজ-বেঞ্জ চীনা ব্র্যান্ডগুলোর পর স্থান পেয়েছে। অন্যদিকে তালিকায় জেনারেল মোটরস (জিএম) অষ্টম স্থানে রয়েছে, যার বাজারমূল্য ৫ হাজার ৬০০ কোটি ডলার। এর পরে ৫ হাজার ২৪০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে বিএমডব্লিউ ও ৫ হাজার ৭০ কোটি ডলারে নিয়ে ফক্সওয়াগনের জায়গা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইভি প্রযুক্তির পরিবর্তন বৈশ্বিক অটোমোবাইল শিল্পে প্রতিযোগিতার মানদণ্ড পাল্টে দিচ্ছে। ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতারা উদ্ভাবনী ইভি মডেল ও স্বয়ংক্রিয় গাড়ি তৈরির মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। এরই মধ্যে চীনা ব্র্যান্ডগুলো তাদের শক্তিশালী উপস্থিতি ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াচ্ছে।