চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে মিটিং করবেন চার উপদেষ্টা

Passenger Voice    |    ০৪:১১ পিএম, ২০২৫-০১-১৫


চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে মিটিং করবেন চার উপদেষ্টা

‘বর্ষা এলেই চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি পুরনো কীর্তন। তবে এটার পুরোপুরি সমাধান খুঁজতে চার উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে আগামী ১৯ জানুয়ারি এ বিষয়ে চট্টগ্রামে মিটিং করবেন’ বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে লালদিঘীর পাড়ে চসিক পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে দুঃস্থ শীতার্থদের মাঝে বিতরণের জন্য নগরীর থানা ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

চসিক মেয়র বলেন, ‘সিডিএর ৩৬টি খালের প্রকল্প বাড়ানো হচ্ছে। সামনে আরও ৫৭টি খাল আওতাভুক্ত হবে। এর ফলে জলাবদ্ধতার সমস্যার ৯০ থেকে ১০০ শতাংশ সমাধান হবে বলে আশা করছি।’

তিনি বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি ২১টি খাল বাদ দিয়ে জলাবদ্ধতা দূর যাবে না। তবে শেষ পর্যন্ত সেই বার্তা প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছেছে। তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে জন্য চারজন উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। এ কারণে আগামী ১৯ জানুয়ারি উপদেষ্টাদের নিয়ে চট্টগ্রামে একটি বিশেষ মিটিং হবে।’

সম্মেলন কক্ষে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. সালাউদ্দীন, থানা বিএনপির সাবেক সভাপতি মন্জুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী প্রমুখ।