শিরোনাম
Passenger Voice | ০৫:৪৯ পিএম, ২০২৪-১২-২৮
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট বেতার কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।কাহালু থানার ওসি মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার মুরইল ইউনিয়নের ভাগদুবরা গ্রামের রিয়াজুলের ছেলে ফারুক হোসেন (৪০) ও তার শিশুকন্যা হুমায়রা (৭)। নিহত অন্যজন হলেন- নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ভ্যানচালক শাহিনুর।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শিশুকন্যা হুমায়রাকে একটি মাদ্রাসায় ভর্তি করাতে তার বাবা-মা ভ্যানে করে ভাগদবরা থেকে দরগাহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে চারজন গুরুতর আহত হন। আহতদের কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন (৪০), তার শিশুকন্যা হুমায়রা (৭) ও ভ্যানচালক শাহিনুর ইসলাম (৪৫) মারা যান। ভ্যানে থাকা ফারুকের স্ত্রী জুলেখা বেগম (৩৫) চিকিৎসাধীন আছেন।
ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর দরগাহাট এলাকায় একটি ভ্যানের চাকা ভেঙে যায়। এ সময় পেছন থেকে নওগাঁমুখী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। রিকশাভ্যানে একই পরিবারের তিনজনসহ চারজন যাত্রী ছিলেন। সবাই আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ তিনজন মারা যান।
তিনি আরও বলেন, নিহত তিনজনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত