শিরোনাম
Passenger Voice | ০২:২৪ পিএম, ২০২৪-১২-২১
প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে সড়ক দুর্ঘটনার হার কমছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
শনিবার (২১ ডিসেম্বর) প্রেস ইন্সটিটিউট বাংলাদেশে (পিআইবি) রোড সেফটি ফাউন্ডেশনের আয়োজনে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।
দিনব্যাপী এই সংলাপে সড়ককেন্দ্রিক বিভিন্ন সরকারি সংস্থা ও পরিবহন সেক্টরের অংশীজনরা তাদের মতামত ও বক্তব্য তুলে ধরবেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সড়ক খাতে অনেক অবকাঠামো নির্মাণ হলেও সেগুলো জনকল্যাণমূলক হয়নি বলে মন্তব্য করেন নাহিদ৷
তিনি বলেন, এতোসব উন্নয়নের সঙ্গে মানুষের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা যোগ হয়নি। কাঠামোগত উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ সড়কের সম্পর্ক ছিল না। সড়ক খাতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়ে গেছে৷
গত শুক্রবার ভোরে রাজধানীর পূর্বাচলে বেপোরায়া গতির প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী নিহত হন। ওই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন সাবেক এক সেনা কর্মকর্তার সন্তান।
এ প্রসঙ্গটি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বুয়েটের একজন মারা গেলো। একটা ধারণা যে সমাজের উচ্চপর্যায়ের সঙ্গে যারা আছেন তাদের বিচার হয় না, জবাবদিহিতা হয় না। এই চিত্র আমাদের সমাজে আছে। এটার পরিবর্তন দরকার। সবাইক বিচারের আওতায় আনা দরকার। এখানে কাঠামোগত সংস্কার প্রয়োজন।
পরিবহন খাতে দুর্নীতির জন্য নাহিদ দায় দেন রাজনৈতিক কর্মীদের৷
তিনি বলেন, পরিবহন খাতে একটি সুবিধাভোগী গোষ্ঠী রয়েছে৷ তাদের রাজনৈতিক চাপ রয়েছে৷ তবে সমাধান যত চ্যালেঞ্জিং হোক সব অংশীজনকে আমাদের একসঙ্গে আনতে হবে৷
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসি) নির্বাহী পরিচালক নীলিমা আখতার রাজধানীর বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়া নিয়ে কথা বলেন৷
তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আমরা বাস রুট রেশনালাইজেশনের গ্রিন ক্লাস্টার পুরোদমে চালু করতে চাই৷ বিভিন্ন মহল থেকে শহরে নতুন বাস নামিয়ে তার পরিচালনায় নতুন কোম্পানি গঠন করার কথা আসছে৷ তবে এটি সহসা সম্ভব নয়৷ ঢাকায় যারা পাঁচটি -দশটি বাসের মালিক, তাদের বাদ দেওয়া যাবে না৷ তাদের এখানে অন্তর্ভুক্ত করতে হবে৷ চালকদের জন্য আলাদা বেতন কাঠামো ডিটিসিএ করা হয়েছে, তবে সেটি নিয়ে আলোচনা করতে হবে৷ এর পাশাপাশি বাস মালিকদের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক৷ তবে বাংলাদেশ ব্যাংক চাইছে, মালিকরা ঋণ নেওয়ার পরে তারা যেন খেলাপি না হয়ে যায়৷
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন জানান, আাগামী মে মাসের মধ্যে ঢাকার সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ বাস তুলে দেওয়া হবে৷ এরমধ্যে বাসের মালিক ও চালকদের বিকল্প উপায় খুঁজে নিতে হবে৷
তিনি জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৯৫টি ভেহিকেল ইনস্পেকশন সেন্টার চালু করা হবে৷ এর কয়েকটি সেন্টারে গাড়ির কালো ধোঁয়া নির্গত হওয়ার হার নির্ণয় করা হবে৷
বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. আরমানা সাবিহা হক, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুর রহিম, গণপরিবহন বিশেষজ্ঞ ড. আরমান উল বাসেত, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমেশ ঘোষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন৷
মো. আবদুর রহিম বলেন, এ বছর এলজিইডির সড়ক খাতে ২১ হাজার ৪৮৫ কোটি প্রয়োজন৷ আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে তিন হাজার ৩০০ কোটি টাকা৷ সে টাকা সময়মতো পাবো কি না, জানা নেই৷ আমরা গ্রামীণ এলাকায় সড়ক অবকাঠামো উন্নয়ন করতে গিয়ে পর্যাপ্ত জমি পাচ্ছি না৷ জমি বরাদ্দ পেতে অনেক জটিলতার মুখোমুখি হতে হয় আমাদের৷
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, নিরাপদ সড়ক আইনের খসড়া নিয়ে আমরা কাজ করছি৷ সেখানে চালকদের শাস্তির বিষয়টি বিবেচনা করা দরকার৷ কারণ, সড়ক পরিবহন আইন-২০১৮ তে বলা হয়েছে, দুর্ঘটনার দায়ে কোনো চালককে গ্রেপ্তার করা হলে তার জামিন হবে না৷ ক্ষেত্রবিশেষে তার মৃত্যুদণ্ড হবে৷ এ কারণে এখন বাস চালকের পেশায় শিক্ষিত ছেলেরা কেউ এগিয়ে আসতে চায় না৷
তিনি বলেন, আমার কথা হলো, দুর্ঘটনার সমস্ত দায় কি বাসচালকের? এখানে সড়ক কাঠামো, অবৈধ যানবাহনের কারণেও কিন্তু দুর্ঘটনা ঘটে৷ এ কারণে চালকদের শাস্তির বিষয়টি বিবেচনা করা দরকার৷
ঢাকার চারপাশে বাস টার্মিনাল নির্মাণ করা হলে রাজধানীতে চলাচলকারী বাসগুলো সড়কে যত্রতত্র পার্কিং করা হবে না বলেও জানান সাইফুল আলম৷
পাশাপাশি নগরীর বাস স্টপেজগুলো দখলমুক্ত করতে ডিএমপি ও সিটি করপোরেশনের ভূমিকার প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেন তিনি৷
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত