শিরোনাম
Passenger Voice | ০৪:৫৫ পিএম, ২০২৪-১২-১৯
রাজধানীর মতিঝিলের কৃষি ব্যাংকের সামনে কথা কাটাকাটির জেরে কিল ঘুষিতে আব্দুল হালিম মিয়া (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতা ছিলেন।
বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হালিম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাদার পাড়া গ্রামের মৃত ছগির আহমেদের ছেলে। তিনি কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতা বলে জানিয়েছেন স্বজনরা।
হালিম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ইমন বলেন, গতকাল (বুধবার) বিকেলে কৃষি ব্যাংকের পাশে চায়ের দোকানের সামনে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি এসে হালিমের সঙ্গে অহেতুক কথা কাটাকাটি করেন। একপর্যায়ে তারা হালিম মিয়াকে কিল-ঘুষি মারলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই বৃদ্ধের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত