দুদিন বন্ধ থাকার পর দেশে আসছে ভারতের আলু ও পেঁয়াজ

Passenger Voice    |    ০৫:৩৪ পিএম, ২০২৪-১১-২৭


দুদিন বন্ধ থাকার পর দেশে আসছে ভারতের আলু ও পেঁয়াজ

দুদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও দেশে আসা শুরু করেছে ভারতে আটকে থাকা আলু, পেঁয়াজ ও অন্যান্য আমদানি পণ্য। এর আগে স্লট বুকিং না দেয়ায় এসব পণ্য আটকে ছিল ভারতে।বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক প্রবেশের মধ্য দিয়ে অন্যান্য পণ্যের আমদানি শুরু হয়। দুপুর দুইটা থেকে শুরু হয় আলু আমদানি।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানিকারকর সাহাবুল বলেন, ‘দাম বৃদ্ধির অজুহাতে গত রোববার হঠাৎ করেই পশ্চিমবঙ্গ সরকার পেঁয়াজ ও আলুর স্লট বুকিং বন্ধ করে দেয়। ওইদিন বন্দর দিয়ে পূর্বের স্লটে পেঁয়াজ ও আলু রফতানি চালু ছিল। কিন্তু নতুন করে স্লট বুকিং না দেয়ায় সোমবার ও মঙ্গলবার কোনো পেঁয়াজ, আলু প্রবেশ করেনি।’
 
তিনি আরও বলেন, ‘দুদিন ধরে পেঁয়াজ ও আলু আমদানি করতে না পারায় সেগুলোতে পচন ধরে লোকশানের আশঙ্কায় রয়েছি আমরা। আমার নিজের ২০ ট্রাক আলু আছে সেগুলো নতুন। আলুর ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করার পরে বুঝা যাবে কি পরিণাম হবে।’
 
হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘ভারতীয় রফতানিকারী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে যতটুকু জানা গেছে, কয়েক দফা বৈঠকের পর পশ্চিমবঙ্গের কোনো আলু রফতানি করবেন না মর্মে জিম্মা দেয়ার শর্তে গতকাল রাতে আবারো স্লট বুকিং চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।’
 
তিনি বলেন, ‘আজ থেকে বন্দর দিয়ে পেঁয়াজ ও আলুসহ সকল পণ্যের আমদানি শুরু হয়েছে। আগামী শনিবার পর্যন্ত ৩০০ ট্রাক আলুর স্লট দেবেন। এরপরে আবারো আলু বন্ধ হবে তবে পেঁয়াজ রফতানি অব্যাহত থাকবে।’