শিরোনাম
Passenger Voice | ১১:১৬ এএম, ২০২৪-১১-১৩
বাগেরহাটে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের চালকসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জ, চট্টগ্রাম, দিনাজপুর ও সিলেটে সড়ক দুর্ঘটনায় আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বাগেরহাট: মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লেগে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রাইভেট কারে থাকা আরো তিন যাত্রী। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মেঝেরা গাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা প্রাইভেট কারচালক তারেক (৩৫) এবং একই উপজেলার রিয়াদ (৪০)। আহতরা হলেন মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল ও তিতাস উপজেলার সোরাব হোসেন।
সিরাজগঞ্জ: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিক্সার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার এসআই মো. মানিক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে কলেজছাত্র আব্দুল হাকিম (২২) ও হরিণা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মুদি ব্যবসায়ী সৌরভ আলী (৩৫)।
চট্টগ্রাম: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে নুরুল আবছার চৌধুরী (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে নগরের বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মাতব্বর বাড়ির বাসিন্দা।
দিনাজপুর: ইজিবাইক থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় রোজিনা খাতুন (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। তবে তার কোলে থাকা এক বছরের সন্তান অক্ষত রয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রোজিনা খাতুন বিরল উপজেলার শংকরপুর গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট: ফেঞ্চুগঞ্জে বাসচাপায় জুবায়ের আহমদ জুবা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ-নয়াবাজার সড়কের ফরিদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের উপজেলার নুরপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত