তৃতীয় প্রান্তিক শেষে এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা ৩৫৫ কোটি টাকা

Passenger Voice    |    ০৩:২৫ পিএম, ২০২৪-১১-০১


তৃতীয় প্রান্তিক শেষে এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা ৩৫৫ কোটি টাকা

চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা প্রায় ৩৩ শতাংশ বেড়ে ৩৫৫ কোটি টাকা হয়েছে। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২৬৬ কোটি টাকা। এছাড়া সমন্বিত হিসাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৬ পয়সায়, আগের বছর ইপিএস ৮ পয়সা ঋণাত্মক ছিল। একক হিসেবে ইপিএস ৫৬ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ পয়সায়। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ব্যাংকের গুলশান শাখার মিটিংরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, ২০২৪ সালের ৩১ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৪ কোটি টাকায়। আলোচ্য সময়ে বিতরণকৃত ঋণের পরিমাণ ১৪ হাজার ৬৯৪ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সুদ আয় হয়েছে ১ হাজার ১৬৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ৯৫২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুদ আয় বেড়েছে ২২ শতাংশের বেশি। আলোচ্য সময়ে এককভাবে মোট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৬ কোটি টাকায়, গত বছর যা ছিল ১ হাজার ৩২১ কোটি টাকা। এছাড়া সমন্বিত হিসাবে এনএভি দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৬ কোটি টাকায়, গত বছর আলোচ্য সময়ে যা ছিল ১ হাজার ৩৬৪ কোটি টাকা। এছাড়া এককভাবে শেয়ারপ্রতি এনএভি ১৫ দশমিক ৯৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬ দশমিক ৮৫ টাকা এবং সমন্বিতভাবে শেয়ারপ্রতি এনএভি ১৬ দশমিক ৪৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭ দশমিক ৩৪ টাকা।