শিরোনাম
Passenger Voice | ১১:৫০ এএম, ২০২৪-১০-২১
জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্দেশ্যে আজ থেকে ‘ট্রাফিক পক্ষ’ উদযাপন শুরু হবে। এ লক্ষ্যে আজ সোমবার (২১ অক্টোবর) থেকে ৪ নভেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
আজ দুপুর ১২টায় রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ট্রাফিক পক্ষ-২০২৪ এর উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ, ট্রাফিক সাইন সম্পর্কে ধারণা দেওয়া, সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দর্শনীয় স্থানে ব্যানার স্থাপন, ট্রাফিক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, শ্রমিক ও বাস মালিক প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, বিএনসিসি সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জনসচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
ট্রাফিক পক্ষ সুন্দর ও সফলভাবে আয়োজনের জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত