শিরোনাম
Passenger Voice | ০২:০৭ পিএম, ২০২৪-১০-০১
সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের কারণে গত ২৪ ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে কয়েক হাজার যানবাহন আটকে পড়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষের পাশাপাশি অন্যান্য কারখানার শ্রমিকরা। শ্রমিকরা বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থানা রোড এলাকায় শ্রমিকদের অবরোধের দৃশ্য দেখা যায়। এর আগে, সোমবার সকাল ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করে বার্ডস গ্রুপের পোশাক শ্রমিকরা।
বার্ডস গ্রুপের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৭ আগস্ট এক নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। নোটিশে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে কারখানায় কাজের সংকট দেখা দিয়েছে। ফলে ২৮ আগস্ট থেকে গ্রুপের আর এন আর ফ্যাশনস লিমিটেড, বার্ডস গার্মেন্টস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড এবং বার্ডস অ্যান্ড জেড লিমিটেডের সব সেকশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
শ্রমিকরা জানান, ২৭ আগস্টের নোটিশ অনুযায়ী ২৮ আগস্ট থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হলেও শ্রমিকদের আগস্ট মাসের বেতন সেপ্টেম্বরের ১০ তারিখে পরিশোধ করা হয়। তবে ৩০ সেপ্টেম্বর সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও, প্রতিষ্ঠানটি আরো ৩ মাস সময় চায়। বকেয়া টাকা পরিশোধ না করায় শ্রমিকরা আন্দোলন শুরু করেন এবং সড়ক অবরোধ করে রাখেন।
শিল্প পুলিশ জানিয়েছে, কারখানার অভ্যন্তরীণ সমস্যার কারণে শিল্পাঞ্চলে ৭টি কারখানা ১৩(১) ধারায় বন্ধ রয়েছে এবং আরও ৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে দাবি মেটানোর আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলছে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকরা গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে নবীনগর-চন্দ্র মহাসড়ক অবরোধ করে রাখেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত