শিরোনাম
Passenger Voice | ০৫:২০ পিএম, ২০২৪-০৯-৩০
গাজীপুরের শ্রীপুরে গ্যাসবাহী গাড়িতে বিস্ফোরণে তিন নারী দগ্ধ হয়েছেন। দগ্ধ নারীদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের শামসুল হকের স্ত্রী হালিমা এবং একই এলাকার এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রিতা।
জানা যায়, গতকাল রোববার থেকে একটি গ্যাসবাহী গাড়ি রাজাবাড়ি বাজারে রাখা ছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাড়ি লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। এ সময় কোম্পানির লোকদের বললেও তারা ব্যবস্থা নেয়নি। পরে হঠাৎ ট্যাংকারে বিস্ফোরণ ঘটলে পাশের বাসায় থাকা নারীরা দগ্ধ হন।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আবু সাঈদ সজীব বলেন, ভর্তি তিনজনের মধ্যে হালিমার শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং বাকি দুজনের ১০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদেরকে মহিলা সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত