শিরোনাম
Passenger Voice | ০৩:১৯ পিএম, ২০২৪-০৯-২৮
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে। ডাকাত দল তিনটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে চালকসহ ৯ জনকে অপহরণ করে। পরে স্থানীয়রা ও পুলিশ অভিযান চালিয়ে চালকসহ চারজনকে উদ্ধার করলেও অন্য ৫ জনকে নিয়ে গেছে ডাকাত দল। তাদের উদ্ধারে অভিযান চলছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ হোয়াইক্যং-শামলাপুর সড়কের কুদুম গুহা এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং দৈংগ্যাকাটার (অটোরিকশার চালক) আনোয়ারুল ইসলাম, ঝিমংখালির জাফর আলম, বাহারছড়ার মো. আব্দুল্লাহ এবং যাত্রী মো. সেলিম। ডাকাতের কবলে থাকা ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হোয়াইক্যং বাজার থেকে শামলাপুরগামী যাত্রীসহ তিনটি সিএনজি কুদুম গুহা নামক স্থানে পৌঁছালে অস্ত্রধারী একটি ডাকাত দল সিএনজিগুলো গতিরোধ করে চালকসহ ৯ জনকে অপহরণ করেন। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ মিলে কুদুম গুহা এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে উদ্ধার করতে সক্ষম হয়। অন্য ৫ জনকে ডাকাত দল পাহাড়ের ভেতর নিয়ে গেছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সমিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান করে পুলিশের তৎপরতায় ৪ জন উদ্ধার হয়েছে, বাকিদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত