শিরোনাম
Passenger Voice | ০৫:০২ পিএম, ২০২৪-০৯-১৫
পাবনায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন সাতজন।
আজ রোববার বেলা ১১টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শিমুল হোসেন (৩২) এবং একই উপজেলার ইসলামগাঁতি ভাটাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর আলী (৩৫)।
আহতরা হলেন গাঁতি গ্রামের হামিদুল ইসলাম ও রেজাউল করিম; সাহাপুর গ্রামের শরিফুল ইসলাম; ইসলামগাঁতি গ্রামের ইসমাইল হোসেন, হারেছ আলী, রবিউল ইসলাম ও আব্দুল আজিজ।
ওসি রওশন আলী বলেন, সকালে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে পাবনার টেবুনিয়ায় যাচ্ছিল। পথে সাহাপুর এলাকায় পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখে যাওয়া সাব্বির পরিবহন নামের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়।
এ সময় অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিমুল ও সফর নামের দুজন মারা যান। আহতদের মধ্যে চারজনকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং বাকি তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি নিয়ে পালিয়ে গেছে চালক। দুর্ঘটনাকবলিত অটোরিকশা পুলিশি হেফাজতে জব্দ করা হয়েছে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত হতাহত পরিবারের কেউ থানায় অভিযোগ দেয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত