শিরোনাম
Passenger Voice | ০৩:১৫ পিএম, ২০২৪-০৯-১২
রাজধানীর তেজগাঁও ও নারায়ণগঞ্জের চাষাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ২৭ ও ৩২ বছর।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিহত দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদা খানম জানান, গতকাল সন্ধ্যা পৌনে আটটার দিকে অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবক তেজগাঁও এলাকায় রেললাইন দিয়ে অসাবধানবশত হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই। আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি।
এদিকে, পৃথক আরেকটি ঘটনায় একইদিন সন্ধ্যা সাতটার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া রেললাইন দিয়ে পার হওয়ার সময় নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় (৩২) আরেক যুবকের। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয় বলে জানান নারায়ণগঞ্জে জেলার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুখলেচুর রহমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত