শিরোনাম
Passenger Voice | ০৪:৫৯ পিএম, ২০২৪-০৯-০১
দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে সমতলের চায়ের সবুজ চা পাতার ন্যায্য মূল্য না পাওয়া এবং কাঁচা চা পাতার দাম কর্তনের অভিযোগ তুলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চা চাষিরা। একইসঙ্গে চা চাষিদের হয়রানি বন্ধ সহ ৮ দফা দাবিতে স্মারক লিপি দেয়া হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষি গণের ব্যানারে উপজেলার বিজয় চত্বর এলাকায় ডোমার- পঞ্চগড় সড়কের একপাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় দেবীগঞ্জ ডোমার সড়কে কাঁচা চা পাতা ফেলে প্রতিবাদ জানান চাষিরা।
মানববন্ধনে চা চাষি আবুল বাশার বসুনিয়া, আনোয়ার হোসেন বসুনিয়া, শাহিন আলম, আব্দুল লতিফ লিখন প্রমুখ বক্তব্য রাখেন। এতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক চা চাষি অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ইংরেজরা যেমন নীল চাষে দেশের চাষিদের রক্ত চুষে ছিল। তেমনি পঞ্চগড়ের চা-কারখানা মালিকসহ সিন্ডিকেট চক্রটি চা চাষিদের রক্ত চুষে খাচ্ছে। চাষিদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা হচ্ছে। চা পাতার দাম কর্তন করে চাষিদের হয়রানি করা হচ্ছে। তৈরি চায়ের দাম বাজারে থাকলেও কাঁচা চা পাতা বিক্রির সময় চাষিরা ন্যায্য দাম পান না। অনলাইন নিলাম কেন্দ্র হয়েও চাষিরা কোনোভাবে উপকৃত হচ্ছেন না। অনেক চাষি আজ ঋণগ্রস্ত। ঋণের টাকায় চা বাগানের পরিচর্যা করছেন। কিন্তু কীটনাশক সহ শ্রমিক খরচে তারা তুলতে পারছেন না। অনেকে কারখানার মালিকদের নির্মম নির্যাতনের শিকার হয়ে চাষিরা দাম না পেয়ে গাছ তুলে ফেলতে বাধ্য হচ্ছেন।
চা চাষিদের ভর্তুকির মাধ্যমে মেশিনসহ আধুনিক যন্ত্রপাতি প্রদান, চায়ের দাম প্রতি কেজি ৪০ টাকা নির্ধারণ, সুদ মুক্ত সহজ শর্তে ঋণ দেয়া, চায়ের আইন পরিবর্তন করা সহ ৮ দফা দাবি আগামী ১৫ দিনের মধ্যে মানা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
মানববন্ধন শেষে চা চাষিরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে দেবীগঞ্জ উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তারা স্মারক লিপি প্রদান করেন। এছাড়া স্থানীয় সেনা ক্যাম্পেও স্মারকলিপি দেন তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত