ফের সড়ক অবরোধ করে বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

Passenger Voice    |    ০৩:৫৪ পিএম, ২০২৪-০৮-২১


ফের সড়ক অবরোধ করে বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

রাজধানীর পান্থপথে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করছেন বসুন্ধরা সিটির দোকান মালিক-কর্মচারীরা। মার্কেটের ইনচার্জের পদত্যাগ এবং দোকান ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভ করছেন তারা। এর ফলে রাজধানীর কাওরান, শাহবাগ, ফার্মগেট, সায়েন্সল্যাব, মিরপুর রোডসহ বেশিরভাগ সড়কেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকাল থেকে বিক্ষোভ করছেন তারা। রাজধানীর পান্থপথ সিগন্যাল থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় এবং পান্থপথমুখী পুরো সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন তারা। যার ফলে আশেপাশের সংযুক্ত সব সড়কে যানজটের প্রভাব পড়েছে।

বিক্ষোভকারীরা দাবি করেন, সরকারিভাবে শপিংমলের বেজমেন্টে কোনো প্রতিষ্ঠানের অনুমতি না থাকায় তারা লাইসেন্স–সংক্রান্ত কোনো কাজে সরকারি দপ্তরে গেলে ঝামেলা পোহান। এর আগে কোনো কিছু নিয়ে প্রতিবাদও করতে পারতেন না তারা। মার্কেট ইনচার্জ মহসিন করিমের কাছে কোনো সমস্যার কথাও বলা যেত না। তিনি দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং খারাপ ব্যবহার করতেন বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা।

এ প্রসঙ্গে তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস বলেন, বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ী, দোকানকর্মীরা বিক্ষোভ কারণে পাশেপাশের যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। পান্থপথ ও সোনারগাঁও সিগনাল পুরোটাই বন্ধ আছে।

এর আগে, একই দাবিতে সোমবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বসুন্ধরা সিটি শপিংমলের ব্যাবসায়ী ও দোকানকর্মীরা।