আর রাজনীতিতে ফিরছেন না শেখ হাসিনা— বিবিসিকে জয়

Passenger Voice    |    ০৮:৪৪ পিএম, ২০২৪-০৮-০৫


আর রাজনীতিতে ফিরছেন না শেখ হাসিনা— বিবিসিকে জয়

প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।

প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন, তার মা রোববার থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন।

জয় বিবিসিকে বলেছেন, তিনি যখন ক্ষমতা নেন, তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র মনে করা হতো। এটি দরিদ্র দেশ ছিল। আর এখন এটি একটি উদীয়মান রাষ্ট্র। তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। এমন পরিস্থিতিতে তিনি খুব হতাশ। 

আন্দোলন মোকাবেলায় সরকারের কঠোরতার অভিযাগ অস্বীকার করেন জয়। তিনি বলেন, আপনার দেখেছেন, গতকাল ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যখন কেউ পুলিশকে হত্যা করে, তখন পুলিশ কী করবে বলে আপনি আশা করেন?