শিরোনাম
Passenger Voice | ০২:৩৪ পিএম, ২০২৪-০৮-০৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি চলছে। অপরদিকে দেশজুড়ে কারফিউ চলমান। এর মধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীতে ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এসব ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার দুপুর দুইটা পর্যন্ত রাজধানীর কাজলায় ৮ জন ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ২ জন নিহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
কাজলায় নিহত ৮ জনের মধ্যে একজনের নাম আবুল কালাম। সে নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী। অপর একজনের নাম রাসেল। তার বয়স আনুমানিক ২৫ বছর। আরেকজন সাইফুল ইসলাম তন্ময়। বাকিদের পরিচয় জানা যায়নি।
অপরদিকে ঢাকা মেডিকেল এলাকায় গুলিতে নিহত দুজনের মধ্যে একজনের নাম মানিক মিয়া। তিনি যমুনা ব্যাংকের কর্মকর্তা। অপরজন রাকিব হোসেন। তিনি সাইথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরিশাল।
জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র সংঘর্ষ চলছে। এসময় আশপাশের কিছু ভবন থেকে গুলি ছুড়তে দেখা গেছে। এ ছাড়া আশপাশের উঁচু ভবনের ছাদে অস্ত্রধারীদের দেখা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত