শিরোনাম
Passenger Voice | ০১:৫৬ পিএম, ২০২৪-০৭-২৮
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ জুলাই) সকালে গণভবনে এ সহায়তা দেন তিনি।
প্রধানমন্ত্রী এসময় নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগাপ্লুত হয়ে ওঠেন তিনি। তাকে অশ্রুসজল হতে দেখা যায়। প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন।
প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দিয়ে বলেন, আমাকে দেখেন, আমি কত শোক নিয়ে বেঁচে আছি। এক রাতে বাবা-মা, ভাইসহ নিজের স্বজন হারানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আপনাদের সান্ত্বনা দেয়ার ভাষা নেই। আপনাদের কষ্ট আমি বুঝি।
এসময় হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের পাশে আছি। আমার চেষ্টা থাকবে এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা।
গণভবনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যন্যরা।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই সারাদেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নামানো হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত