শিরোনাম
Passenger Voice | ১০:৪৫ এএম, ২০২৪-০৭-২৮
কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে তৈরি পরিস্থিতির কারণে গত সপ্তাহে টানা পাঁচ দিন বন্ধের পর শেষ দু’দিন সীমিত সংখ্যক ব্যাংক শাখা খোলা ছিল। ব্যাংক লেনদেন হয় বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত। আজ রোববার থেকে দেশের সব শাখা খোলা রেখে বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেন শেষে ব্যাংক খোলা থাকবে সাড়ে ৩টা পর্যন্ত। অন্যদিকে শেয়ারবাজার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত খোলা থাকবে।
কারফিউ শিথিলতা আরও বাড়িয়ে ২৮ থেকে ৩০ জুলাই সরকারি-বেসরকারি সব অফিস ৬ ঘণ্টা করে চলবে বলে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে। এই তিন দিন অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে ব্যাংকিং সময় শুরু সকাল ১০টা থেকে। বিশেষ পরিস্থিতির কারণে অন্য সব অফিসের মতো গত বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা ব্যাংক লেনদেন হয়। তার আগে তিন দিন সাধারণ ছুটির কারণে সব বন্ধ ছিল।
সাধারণত ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন হয়। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সরকারি অফিস চলে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত। কারফিউর মধ্যে গত বুধ ও বৃহস্পতিবার সীমিত সংখ্যক শাখা খোলা রেখে লেনদেন হয়। বুধবার থেকে বেশির ভাগ এটিএম বুথও খোলা হয়। এ জন্য টাকা তোলার চাপ ব্যাপক বেড়ে যায়। গত সপ্তাহে বাণিজ্যিক লেনদেন সেভাবে শুরু না হলেও শুধু গত বুধবার ব্যাংকগুলো এক দিনেই ধার করে ২৯ হাজার ১৭২ কোটি টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত