ঋণে কেনা মিরপুর বিআরটিএর ১২১ কোটি টাকার ভিআইসি শেষ

Passenger Voice    |    ১০:২২ পিএম, ২০২৪-০৭-২৪


ঋণে কেনা মিরপুর বিআরটিএর ১২১ কোটি টাকার ভিআইসি শেষ

স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের ফিটনেস পরীক্ষায় দক্ষিণ কোরিয়ার ঋণে ১২১ কোটি ২৪ লাখ টাকায় কেনা হয় ভেহিক্যাল ইন্সপেকশন কেন্দ্র (ভিআইসি)। রাজধানীর মিরপুরে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা সার্কেলে স্থাপিত যন্ত্রটি গত বছর অক্টোবরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনের মধ্যে গত শুক্রবার দুর্বৃত্তের তাণ্ডবে নতুন ভিআইসি শেষ হয়ে গেছে। এর যন্ত্রাংশ লুট ছাড়াও যানবাহন পরীক্ষার লেনগুলো পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা।

বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ও আক্রান্ত হয়। সেখানে ভবনের নিচে রাখা গাড়ি পুড়িয়ে দেয় হামলাকারীরা। আগুনের আঁচ লেগেছে ভবনের তৃতীয় তলা পর্যন্ত। পাশের সেতু ভবনের আগুনেও ক্ষতিগ্রস্ত হয়েছে বিআরটিএ সদর কার্যালয়। তবে বেশি ক্ষতি হয়েছে মিরপুরের মেট্রো-১ সার্কেল কার্যালয়। ২০১৬ সালে এখানে স্থাপিত ভিআইসি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। দুটি ভিআইসিতে যত গাড়ি রাখা ছিল, সব ছাই করে দিয়েছে। পোড়ানো হয়েছে কর্মকর্তাদের গাড়িও। ভিআইসির সফটওয়্যার, সেন্সর সব গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

নতুন কেনা ভিআইসিতে লেন ১২টি। এতে ঘণ্টায় ৭০ এবং দিনে ৬০০ গাড়ির ফিটনেস পরীক্ষা করা সম্ভব। ভিআইসির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির ২৩ রকম যন্ত্রাংশের পরীক্ষা করা যায়। আগের ভিআইসি চালু হয়েছিল ২০১৬ সালে। সেটি কত টাকায় কেনা ছিল, তা জানা যায়নি। ওই ভিআইসির যন্ত্রপাতিও লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিআরটিএর কর্মকর্তারা বলেন, সব ধ্বংস করা হয়েছে। শুধু ভিআইসি নয়; গুরুত্বপূর্ণ নথি, কর্মকর্তাদের কক্ষ কিছুই রক্ষা পায়নি তাণ্ডব থেকে। গত শুক্রবার কোটা আন্দোলনের সময় রাস্তায় নামা দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে আনসার সদস্যদের মারধর করে ভেতরে  ঢোকে। এর পর দুই ঘণ্টা তাণ্ডব চালায়। পুলিশ  বা ফায়ার সার্ভিস আসতে পারেনি। কন্ট্রোল প্যানেলের যন্ত্রপাতি, কম্পিউটারসহ সবকিছু লুট করে নিয়ে গেছে।

মিরপুর কার্যালয়ের নিচতলায় গাড়ির কাগজপত্রসহ প্রয়োজনীয় নথি রয়েছে। সেখানেও আগুন দেয় হামলাকারীরা। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা যায়নি। মিরপুরে গাড়ির মালিকানার নথি সংরক্ষিত থাকে। একজন কর্মকর্তা জানিয়েছেন, সার্ভার অক্ষত রয়েছে।

বিআরটিএর বিভাগীয় পরিচালক মো. শহীদুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, ভিআইসির অবকাঠামো অক্ষত রয়েছে। তবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিকস ও মেকানিক্যাল যন্ত্রপাতি নিয়ে গেছে দুর্বৃত্তরা। কবে নাগাদ ঠিক হবে, তা নিশ্চিত নয়। তিনি বলেন, সমীক্ষায় বোঝা যাবে, কী কী যন্ত্রপাতি লাগতে পারে। সেগুলো স্থাপনের পরই ভিআইসি চালু করা সম্ভব।

এদিকে, রোববার রাজধানীর কাফরুল থানায় মিরপুর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২১ কোটি ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে মামলা করেছে বিআরটিএ। এজাহারে বলা হয়, শুক্রবার বিকেলে অজ্ঞাতপরিচয় চার-পাঁচ হাজার মানুষ মিরপুর কার্যালয়ে হামলা চালায়। তারা ভিআইসির ইলেকট্রনিক যন্ত্রাংশ ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ছাড়া চারটি গাড়ি, দুটি মোটরসাইকেল, পরিচালকেরসহ বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।