শিরোনাম
Passenger Voice | ১১:৫৫ এএম, ২০২৪-০৭-১৮
রাজধানীর মেরুল বাড্ডা ক্যাম্পাসে পুলিশের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্য দিয়ে শুরু হয়েছে আজ (১৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'কমপ্লিট শাটডাউন'। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারদিকে টিয়ার গ্যাসের শেল মারছে। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে ঢাকা ও আশেপাশের এলাকার বাসিন্দারা আজ সকাল থেকে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল সারা দেশে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এ কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তারা। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা' ও আন্দোলনে অন্তত ছয়জন নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সকাল ১০টা ৩৫ মিনিট: গতকালের সংঘর্ষের পর আজ (১৮ জুলাই) সকাল পর্যন্ত সুনসান নীরবতা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি সদস্যদের মহড়া দিতে দেখা যায়। টিএসসি ও টিএসসিসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে অবস্থান করছিলেন শতাধিক বিজিবি সদস্য। এছাড়া প্রত্যেক মোড়ে কড়া পাহারায় রয়েছেন পুলিশ সদস্যরা। বিশ্ববিদ্যালয় এলাকায় অ্যাম্বুলেন্স ও সাংবাদিক পরিচয় ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সকাল ৯টা ১০ মিনিট : 'কমপ্লিট শাটডাউন'কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত