শিরোনাম
Passenger Voice | ০৫:৪৫ পিএম, ২০২৪-০৭-০৬
টানা দ্বিতীয় দিনের মতো কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে নগরীর ষোলশহর রেল স্টেশন থেকে মিছিল নিয়ে দুই নম্বর গেট এলাকার দিকে যাচ্ছেন।
শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলে করে শিক্ষার্থীরা ষোলশহর নামেন। সেখানে তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুলিশ একপর্যায়ে তাদেরকে স্টেশন থেকে সড়কে নামতে না দিলে তারা পুলিশের বাধা ভেঙে সড়কে নেমে আসেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা দুই নম্বর গেটের গোলচত্বরে অবস্থান নিয়েছেন। তাদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে করতে না পারায় ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, সরকারি চাকরিতে কোটার ফলে বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের মেধা থাকার পরও যোগ্য চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। মূলত আমরা সব ধরনের বৈষম্যমূলক কোটা প্রত্যাহার করা জন্য এই আন্দোলন করে যাচ্ছি।
প্রসঙ্গত, কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে গত চারদিন ধরে টানা আন্দোলন করে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ আন্দোলনে তারা চার দফা দাবি জানিয়ে আসছেন।
দাবিগুলো হলো: ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে; ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে; সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে; দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত