শিরোনাম
Passenger Voice | ১১:৫১ এএম, ২০২৪-০৬-২০
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে আরও এক বছরের চুক্তি পেতে যাচ্ছেন এ বি এম আমিন উল্লাহ নুরী। আগামী ৩০ জুন তার বর্তমান চুক্তির মেয়াদ শেষে তাকে আরও এক বছর চুক্তি দেওয়াসংক্রান্ত সার-সংক্ষেপ ইতোমধ্যে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
২০২১ সালের ২৩ এপ্রিল তিনি সচিব পদোন্নতি পেয়ে রাজউকের চেয়ারম্যান হন। ২০২২ সালের ৪ জুন থেকে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ৩১ ডিসেম্বর তার নিয়মিত চাকরির বয়স শেষ হলে তাকে ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। আগামী ৩০ জুন সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই তাকে ফের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে সরকার।
আমিন উল্লাহ নুরী চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বিএসএস (সম্মান) এবং ১৯৮৮ সালে এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) ডিগ্রি লাভ করেন। নুরী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৩ সালে ১ এপ্রিল বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে সহকারী কমিশনার পদে সরকারি চাকরিতে যোগদান করেন। এ বি এম আমিন উল্লাহ নুরী রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত