ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিচ্ছে ইকোনো সার্ভিস ও ঢাকা এক্সপ্রেস

Passenger Voice    |    ১০:৪৩ এএম, ২০২৪-০৬-১৪


ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিচ্ছে ইকোনো সার্ভিস ও ঢাকা এক্সপ্রেস

রাজধানী ঢাকার টিটিপাড়া, মানিকনগর, গোলাপবাগ, সায়েদাবাদ বাস কাউন্টারগুলোতে বিআরটিএ নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে।। নোয়াখালী ও লক্ষ্মীপুরগামী বাসগুলোতে প্রতি বছরের মতো এবারও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।

লক্ষ্মীপুরগামী ইকোনো সার্ভিসের যাত্রী মহিমা জানান, তারা দুজন দুটি টিকিট কিনেছেন।  প্রতি টিকিট ৭৫০ টাকা করে তাদের থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়েছে।  পজ মেশিন বন্ধ রেখে ছাপা টিকিট দিচ্ছে। কাউন্টারে মূল্য তালিকা প্রতি টিকিট ৫৫০ টাকা লেখা থাকলেও তারা সেটি মানছেন না।

মহিমার অভিযোগ অনুযায়ী প্রতি টিকিটে ২০০ টাকা বেশি নিচ্ছে ইকোনো সার্ভিস। তাদের বাসে ৪০ সিট। সেই হিসেবে তারা প্রতি ট্রিপে ৮ হাজার টাকা বেশি নিচ্ছেন।

লক্ষ্মীপুরগামী ঢাকা এক্সপ্রেসের যাত্রী জুয়েল জানান, মানিকনগর কাউন্টারে প্রতি টিকিট ৮০০ টাকা নিচ্ছে ঢাকা এক্সপ্রেস। তারাও ছাপা টিকিট দিচ্ছে।

সরেজমিন দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিআরটিএর কোনো টিম সায়েদাবাদ ও মানিকনগর এলাকায় নেই। এছাড়া টিটিপাড়া থেকে সায়েদাবাদ ফ্লাইওভার পর্যন্ত ভোর ৬ টা থেকে জ্যাম লেগে আছে। এতে দূর পাল্লার বাস ছেড়ে যেতে ও ঢাকায় প্রবেশ করতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

ইকোনো সার্ভিসের যাত্রী মহিমা জানান, তারা সকাল সাড়ে ছয়টায় মানিকনগর বিশ্বরোড কাউন্টারে আসেন। টিকিট পান সাড়ে সাতটার দিকে। আটটায় তাদের বাস মানিকনগর বিশ্বরোড কাউন্টার থেকে ছেড়েছে। তাদের বাসটি জ্যাম ভেঙে সাড়ে আটটায় গোলাপবাগ স্টেডিয়াম মোড়ে পৌঁছায়।