শিরোনাম
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
Passenger Voice | ০৩:২৬ পিএম, ২০২৪-০৬-১১
নারায়ণগঞ্জের বন্দরের একটি কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (১১ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার টোটাল ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত বিক্ষুব্ধ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে বন্দর থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এর আগে সোমবার (১০ জুন) বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে স্থানীয় লারিজ ফ্যাশন নামের গার্মেন্টের শ্রমিকরা। সন্ধ্যা ৬টায় মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন শুরু করে। চার ঘণ্টা স্থায়ী এই অবরোধে সড়কটি প্রায় ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক।
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, আমাদের গত মাসের বেতন ও ঈদের বোনাস এখনও পরিশোধ করা হয়নি। বেতন-বোনাস চাইলে মালিকপক্ষ গড়িমসি করে বারবার। আমরা হিসাব বিভাগে যোগাযোগ করলে তারাও কবে বেতন-বোনাস দেওয়া হবে তা জানাতে পারেনি। বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নেমেছি।
প্রতিষ্ঠানটির শ্রমিক মাকসুদা বলেন, বেতন-বোনাসের বিষয়ে কারখানার কর্মকর্তারা আমাদেরকে কিছুই বলেন না। এর আগেও এরকম করেছেন তারা। ঈদের আগে বেতন-বোনাস না পেলে আমাদের কষ্টের আর শেষ থাকবে না।
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন। পরে বন্দর থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
ওসি মো. রেজাউল হক বলেন, শ্রমিকেরা আমাদের অনুরোধে রাস্তা থেকে সরে গেছেন। মালিকপক্ষও আগামীকালের মধ্যে বেতন-বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত