শিরোনাম
Passenger Voice | ০৫:৩৫ পিএম, ২০২৪-০৫-১৯
রাজধানীর মিরপুরের কালশী এলাকার একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। আজ বিকেল সোয়া ৪টার দিকে আগুন দেওয়া হয়।
এর আগে তারা মিরপুর সড়কে আগুন দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে অলিগলিতে। চালকদের সঙ্গে দিনব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। আজ রোববার সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা।
গত কয়েকদিন ধরে মিরপুর এলাকায় ট্রাফিক পুলিশ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে এবং শতাধিক গাড়ি ডাম্পিং করে। এর প্রতিবাদে আজ রোববার চালকেরা সকালে বিক্ষোভ শুরু করে। দুপুরের পর পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে গেলে চালকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় মিরপুর এলাকার প্রধান সড়কসহ অলি গলিতে ছড়িয়ে পড়ে চালকদের বিক্ষোভ। মিরপুর ১০ নম্বর থেকে ওই এলাকায় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা।
সরেজমিনে দেখা গেছে, বিকেল সোয়া ৪টার দিকে কালশী এলাকার একটি পুলিশ বক্সে বিক্ষুব্ধ চালকেরা আগুন ধরিয়ে দেয়। এ ছাড়াও মিরপুর, পল্লবী, ইসিভি চত্বর এলাকায় চালকেরা একত্রিত হয়ে বিক্ষোভ করছে। পুলিশের সঙ্গে একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে রিকশা চালকেরা পিছু হচ্ছে না। তারা বিভিন্ন অলি গলিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। আবার প্রধান সড়কে চলে এসে যানবাহন ও বন্ধ করে দিচ্ছে। সকাল থেকে কয়েক দফায় এই ঘটনা ঘটছে।
সকাল ১০টা থেকে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশ বাস চলাচল শুরুর অনুমতি দিলে বিক্ষুব্ধ অটোরিকশা চালকেরা তিনটি বাস ভাঙচুর করে।
রিজন নামে এক ব্যাটারি চালিত অটোরিকশাচালক বলেন, ‘হঠাৎ করে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে দেওয়ায় আমাদের জীবিকাও বন্ধ হয়ে যায়। এতে সকল চালক ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করছে।’
মিরপুরে যান চলাচল বন্ধ থাকায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সির সাব্বির বলেন, ‘রিকশা চালকদের সড়ক অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাদের কয়েকবার সড়কটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা মানেনি। তারা বাস ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় তাদেরকে পুলিশ সরে যেতে বললে, তারা ঈদ পাটকেল নিক্ষেপ করে।’
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত