শিরোনাম
Passenger Voice | ০৫:১৫ পিএম, ২০২৪-০৫-১৬
আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ৭ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। একই সঙ্গে ছিনতাইকারী চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. রাহাদ (২১), মো. রাজু (৩০), মো. পারভেজ হোসেন (২৪), মো. জাকির হোসেন (২৪), কামাল ভান্ডারী (৪২), মো. সোহান মুন্সি (২৭) ও রায়হান খান (২৪)। এছাড়া ছিনতাইকারীরা হলো, মো. মনির হোসেন (৩০), মো. মিরাজ (২৫), সজিব (২২), মো. শরিফ (২৫)।
এম. জে. সোহেল বলেন, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ জন পরিবহন চাঁদাবাজ ও ৪ জন ছিনতাইকারী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে থেকে আদায়কৃত চাঁদা নগদ-৩ হাজার ৫৬০ টাকা ও ১ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
পৃথক ভাবে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ২ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ ৪ হাজার টাকা ও ১ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
এছাড়া গতকাল যাত্রাবাড়ী মোড় এলাকায় র্যাব-১০ আরেকটি আভিযানিক দল অপর একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় এবং পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু কতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত