শিরোনাম
Passenger Voice | ০৩:১০ পিএম, ২০২৪-০৫-১৫
কাজের ধরন ও দায়িত্ব : পয়েন্টসম্যানের মূলকাজ হলো ট্রেন চলাচলের সঙ্গে জরুরি কাজে নিয়োজিত থাকা। নির্ধারিত সময় অনুসারে ট্রেন স্টেশন ছাড়ার আগে দায়িত্বরত স্টেশন মাস্টারের কাছ থেকে রেলওয়ে ট্রাকসহ দরকারি তথ্য ট্রেনচালকের কাছে পৌঁছানো, বিশেষ প্রয়োজনে ট্রাক বা রেলপথ পরিবর্তন, ট্রেনের ইঞ্জিনে কোচ সংযোজন বা বিয়োজন করা, প্রতিকূল আবহাওয়ার কারণে ট্রেনচালক সিগন্যাল দেখতে ব্যর্থ হলে ট্রেনটিতে নিরাপদে কাছের স্টেশনে পৌঁছানোর বিষয়ে সহায়তা করা। ওয়াগন বা মালবোঝাই ট্রেন সঠিক ও নিরাপদ স্থানে প্লেসমেন্ট করা, রেলওয়েতে ব্যবহৃত বিভিন্ন সুইচ বা পয়েন্ট পরিচালনা করাসহ পয়েন্টসম্যানকে রেলওয়ের পয়েন্টস সংক্রান্ত যাবতীয় কাজ করতে হয়। একজন পয়েন্টসম্যান কাজের ধরন অনুসারে শিফটে কাজ করার সুযোগ পাবেন।
দিনরাতে মিলে মোট তিনটি শিফটে ভাগ করে শ্রম আইন অনুসারে আট ঘণ্টা কাজ করতে হবে।
নিয়োগ পরীক্ষা পদ্ধতি: এমসিকিউ পদ্ধতির লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। পয়েন্টসম্যান পদের ২০২২ সালের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে দেখা গেছে, এমসিকিউ পদ্ধতিতে মোট ৭০ নম্বরের এক ঘণ্টার পরীক্ষা হয়েছে। প্রতি প্রশ্নের মান ছিল ১ নম্বর।
পদভিত্তিক পরীক্ষার প্রস্তুতি: বিগত প্রশ্নপ্রত্র বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান- এই চার বিষয়েই প্রশ্ন করা হয়েছে।
বিষয়ভিত্তিক প্রশ্নে গড় ছিল ১৫ থেকে ২০ নম্বর। রেলওয়ে সৈয়দপুরে কর্মরত পয়েন্টসম্যান মো. আতাউর রহমান ও সৌরভ কুমার হালদার বলেন, বেশি প্রশ্ন আসে মাধ্যমিক শ্রেণির পাঠ্য বই থেকেই। বিশেষ করে ষষ্ঠ থেকে নবম, দশম শ্রেণির পাঠ্য বাংলা, ইংরেজি ও গণিত বই থেকে প্রশ্ন হয়।
বাংলা : বাংলা ব্যাকরণের অষ্টম, নবম ও দশম শ্রেণির পাঠ্য বইয়ের বাগধারা, বাক্য রচনা, এককথায় প্রকাশ, ভাষা, চর্যাপদ, বিভক্তি, সন্ধি, কারক, সমাস, ণত্ব বিধান, ষত্ব বিধানসহ বেশ কিছু অধ্যায় থেকে প্রশ্ন আসে। সাহিত্য অংশে অষ্টম শ্রেণির গদ্য, কবিতা, উপন্যাস, ছোটগল্প থেকে বেশি প্রশ্ন করা হয়।
ইংরেজি: অষ্টম ও নবম-দশম শ্রেণির পাঠ্য বই থেকে ট্রান্সলেশন, টেনস, ভার্ব, ট্রু-ফলস, মাল্টিপল চয়েস, প্রিপজিশন, সিনোনিম, অ্যানাটমি অধ্যায়গুলোতে দখল রাখতে হবে।
গণিত: অষ্টম শ্রেণির পাটিগণিত বইটির গড়, সরল, সুদকষা, শতকরা, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু, শতাংশ—এসব অংশ অধ্যয়ন করতে হবে। দু-একটি প্রশ্ন করা হয় বীজগণিত থেকেও।
এর জন্য সেট, উৎপাদক, মান নির্ণয় অধ্যায়গুলোও দেখতে হবে।
সাধারণ জ্ঞান: বাংলাদেশের সমসাময়িক ঘটনা, ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, বঙ্গবন্ধু প্রসঙ্গ বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়েও আপডেট থাকতে হবে। লিখিত পরীক্ষার সহায়ক হতে পারে রেলওয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পরীক্ষার প্রস্তুতিমূলক বই। যেমন- প্রিলিমিনারি ডাইজেস্ট বইটি পরীক্ষার প্রস্তুতিতে খুবই কাজে দেবে। ভাইভা বোর্ডে নিজেকে উপস্থাপন করাটাও জরুরি। এখানে যাঁরা ভালো করবেন, তাঁরাই মনোনীত হবেন।
পদোন্নতির সুযোগ: পয়েন্টসম্যান পদটি ১৮তম গ্রেডভুক্ত, প্রারম্ভিক বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা। দক্ষতা অনুসারে চিফ ইয়ার্ড মাস্টার পর্যন্ত পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত