শিরোনাম
Passenger Voice | ০৬:০৬ পিএম, ২০২৪-০৫-১৪
অভিজ্ঞতার মিথ্যা তথ্য দিয়ে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ অনুমোদন নেওয়ার অভিযোগ ওঠা শাহ জামাল হাওলাদারের বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বেশ ‘গুরুত্বের’ সঙ্গে দেখছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, শাহ জামাল হাওলাদারের বিষয়ে তার পূর্ববর্তী কর্মস্থলে অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট কিছু অভিযোগের বিষয় সামনে এসেছে। তাছাড়া সিইও নিয়োগের অনুমোদন পেতে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হতে পারে। অভিযোগ সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে আইডিআরএ এখন খুবই কঠোর। কোনো বীমা কোম্পানি অনিয়ম করে পার পাবে তা হবে না।
এর আগে ‘মিথ্যা তথ্য দিয়ে এনআরবি ইসলামিক লাইফের সিইও হয়েছেন শাহ জামাল’ শিরোনামে সংবাদ প্রকাশ করে গণমাধ্যম।
জানা গেছে, এনআরবি ইসলামিক লাইফের ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান গত ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় শাহ জামাল হাওলাদারের নিয়োগ নবায়নের জন্য আইডিআরএ আবেদন করেন। এই আবেদনে বেতন-ভাতা ধরা হয়েছে পাঁচ লাখ এক হাজার টাকা। প্রথম মেয়াদে তার বেতন-ভাতা নির্ধারণ করা হয়েছিলো আড়াই লাখ টাকা।
আইডিআরএ আবেদন করার আগে কোম্পানির ১৬তম বোর্ড সভায় তার নিয়োগ নবায়নের অনুমোদন দেওয়া হয়। তবে এই নিয়োগ নবায়ন ও বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে পরিচালকদের অধিকাংশই একমত ছিলেন না বলে একটি সূত্র জানিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত