শিরোনাম
Passenger Voice | ১১:৩৯ এএম, ২০২০-০৫-২১
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আসন্ন ঈদুল ফিতরের আগে-পরে সারাদেশ একযোগে ১০দিন কঠোর লকডাউন দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও নির্বাহী পরিচালক সাইদুর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, দেশের করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সরকার সংক্রমণ রোধে সাধারণ ছুটির মেয়াদ কয়েক দফায় ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করেছে। কিন্তু পোশাক কারখানা চালু রাখা এবং সীমিত আকারে দোকানপাট খোলার অনুমতির সুযোগে অসচেতনভাবে মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে। রাজধানীতে যাত্রীবাহী বাস ছাড়া উদ্বেগজনক হারে সব ধরনের যানবাহন চলছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করেও এসব নিয়ন্ত্রণ করতে পারছে না। গত ২৬ মার্চ থেকে সারাদেশে গণপরিবহন বন্ধ থাকার পরও কয়েক দফায় কর্মজীবী ও শ্রমজীবী মানুষ নানা উপায়ে গাদাগাদি করে রাজধানী থেকে বাড়ি গেছেন এবং বাড়ি থেকে রাজধানীতে ফিরেছেন। অপরিণামদর্শী এমন আচরণ করোনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
‘এরই মাঝে সাধারণ ছুটির মধ্যে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকার জনগণকে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছে। এ জন্য গণপরিবহনসহ ঈদের আগের ৪ দিন ও পরের ২ দিন অন্য সব যানবাহন চলাচলে কঠোর নির্দেশনা জারি করেছে। তারপরও মানুষকে থামানো যাচ্ছে না। মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, পণ্যবাহী পরিবহন, ক্ষুদ্র ও হালকা যানবাহনের মাধ্যমে মানুষ বাড়ি ফিরছে। গত কয়েকদিন যাবৎ সড়ক-মহাসড়ক ও ফেরীঘাটগুলোতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে করোনা সংক্রমণ ভয়াবহভাবে সারা দেশে ছড়িয়ে পড়বে।’
এ পরিপ্রেক্ষিতে ঈদের আগে-পরে ১০ দিন কঠোর লকডাউনের অনুরোধ জানিয়ে রোড সেফটি ফাউন্ডেশন বলে, উদ্ভূত আতঙ্কজনক বাস্তবতায় জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সব নৌ-টার্মিনাল, বড় ব্রিজ, জেলার প্রবেশ পথ ও সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে পাহারা বসানো জরুরি হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোড সেফটি ফাউন্ডেশন ঈদের আগে-পরে ১০দিন সারাদেশ লকডাউন করতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত