শিরোনাম
Passenger Voice | ১২:৫১ পিএম, ২০২৪-০৩-৩১
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকারের চালকসহ দুই জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
রোববার (৩১ মার্চ) সকাল ৮ টায় মহাসড়কের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রাইভেটকারচালকের নাম মো. ইলিয়াস হোসেন (৩৫)। তিনি বরগুনা সদরের সোনাখালী গ্রামের আ. মান্নানের ছেলে। নিহত যাত্রীর নাম শাহ আলম (৪৫)। তিনি সিরাজগঞ্জের মৃত নুর মোহাম্মদের ছেলে। আহতরা হচ্ছেন, সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রাহ্মণবাড়িয়ার মৃত দারুজ্জামান তালুকদারের ছেলে মো. আনিছুর রহমান (৫৫) ও সিরাজগঞ্জ সদরের আইএইচ সিরাজী রোডের মৃত মতিয়ার রহমানের ছেলে একেএম মাহফুজুর রহমান আল্লাল (৫৫)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, সকালে ৩ জন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আহত অবস্থায় ৩ যাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত