শিরোনাম
Passenger Voice | ০২:২৩ পিএম, ২০২৪-০৩-১৬
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু টানেল সড়কের অধিগ্রহণ জায়গা দখল করে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করে চাঁদা ও মাসিক ভাড়া আদায় করছে প্রভাবশালী চক্র। এ ছাড়া পিএবি সড়ক, সিইউএফএল সড়ক ও আনোয়ারা বরকল সড়কসহ সড়কের অধিগ্রহণকৃত জমি প্রভাবশালীদের ছত্রছায়ায় দখল করে ভরাটের মহোৎসব চলছে। টানেলের মুখের গোল চত্বর এলাকায় সড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ গাড়ি স্ট্যান্ড।
বঙ্গবন্ধু টানেল ছয়লেন সড়কের সংযোগ স্থল চাতরি চৌমুহনী থেকে দক্ষিণের গোল চত্বরের আশেপাশের এলাকায় সড়ক বিভাগের অধিগ্রহণকৃত জমি দখল করে দোকানপাট নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে টানেল সড়কের কালাবিবি দিঘীর মোড়,পিএবি সড়কের শোলকাটা,ধানপুরা রাস্তার মাথা,বরুমছড়া রাস্তার মাথা,সরকারহাট,কারাবিবি মোড় থেকে আনোয়ারা বরকল সড়কের আনোয়ারা উপজেলা পর্যন্ত সড়কের দুই পাশের বিভিন্ন অংশ দখলদারের কবলে।
স্থানীয় বাসিন্দারা জানান, বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের চারমাস যেতে না যেতেই টানেল সড়কের গোল চত্বরের মতো একটা অতি গুরুত্বপূর্ণ স্থানে রাতারাতি দোকান নির্মাণ করা হচ্ছে। এসব দখলের কারণে গোল চত্বরটির আকার ছোট হয়ে যানযটের সৃষ্টি হচ্ছে। তাছাড়া আনোয়ারা জায়গা জমির অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় এক শ্রেণীর প্রভাবশালী বঙ্গবন্ধু টানেলের ছয় লেন প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই সড়কের অধিগ্রহণ করা জমি দখলে মত্ত রয়েছে।
দক্ষিণ চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও বঙ্গবন্ধু টানেল ছয় লেন সড়কের প্রকল্প পরিচালক সুমন সিংহ জানান, আমরা জানতে পেরেছি, বঙ্গবন্ধু টানেল ছয়লেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ার আগে অধিগ্রহণ ভূমি দখল করে রাতের আঁধারে দোকানপাট তৈরি হচ্ছে। বঙ্গবন্ধু টানেল ও টানেল সংযোগ সড়কের যানবাহন নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে কোন অবস্থাতেই সড়কের ভূমি দখল করে দোকানপাট নির্মাণ করতে দেওয়া হবে না। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান করার জন্য সার্ভেয়ারকে নির্দেশ প্রদান করা হয়েছে।
প্যা/ভ//ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত